রাজেশকান্তি দাশ | কবিতাগুচ্ছ
রাজেশকান্তি দাশ  |  কবিতাগুচ্ছ
আঁধারের ছানারা ঢিল ছুড়ে


হঠাৎ হাতের মুঠোয়
গভীর রাতে উদিত হয় রোদ

শিস দেয় আঁধারের ভাঁজে ভাঁজে
ভূমিকম্পের মতো কম্পনে

আঁধারের ছানারা রোদের রসায়ন বুঝে ঢিল ছোড়ে

রোদের পাঁজর ভাঙ
রাত আরও দীর্ঘ হতে থাকে।


ত্রিভুজ প্রেমের গল্প



চিঠি খুলে নিই খাম থেকে
মনের পরিসীমার ভিতর লুকোনো
ভালোবাসার উচ্চতায়;

অক্ষরগুলি আমাকে দেখে হাসতে থাকে
হাসাহাসি ক্লাইমেক্স পর্যায়ে পৌঁছালে

মহাশূন্যে বুদবুদ করে ওঠে
ত্রিভুজ প্রেমের গল্প।


রুপোলি মাছ



রুপোলি মাছ বাস করে স্যাঁতসেঁতে প্রতিবিম্বে
ধোঁয়া ও ধুলোর ভিতর

মা'র হাতে ফুলদানি

পয়সা না চেনা কয়টা পাখি
তার থেকে ফুলদানি নিয়ে
গড়ে তুলে বালকবয়সি ফুলের গম্বুজ

জলের জোছনা ভুলে
রুপোলি মাছ
নিপাট নিঃশ্বাসে হাঁটতে থাকে ফুলের জলসায়।


সবুজ প্রেম


ঘাসটুনি চোখের পলকে চলে যায়
ঘাসবনের দিকে

আমি জোনাকি ভেবে তার পিছে তাকাই
সে ঢুকে যায় তার কাঙ্ক্ষিত ছাউনির মধ্যে

পেয়ালা ভরা ভালোবাসার ঘাসবীজ
আর টুনার সবুজ প্রেমের ছায়া।


আয়ু


চারদিকে বিজ্ঞাপিত অন্ধকার

হেঁটে যাচ্ছে দুটি মাছ

আমার আয়ু বাড়ছে...

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান